আলোকের বলয়ে
* আলোক বলয়ে *
-আ,ফ,ম, ইকবাল॥
আলোকিত সূর্যের প্রতীক্ষায়
পার হয়ে যায় কত অমাবস্যা,
নদীতটে খেলা করে শব্দের ঢেউ
স্টিমবোট লেগে আছে ওপারে
প্রজন্মের বিভোরতা খলখল করে-
না চাইতেও ভেসে আসে ভাটিয়ালির সুর ।
অদ্ভুত কারিগর এই তটের নির্মাতা
লগ্ন বাতায়নে দৃশ্যমান ফুটন্ত শতফুল
সন্ধ্যা চাদর গায়ে জড়িয়ে
আনাগোনা করে শীতের অনুচরেরা,
প্রত্যুষের প্রত্যাশায় বসে থাকে পান্থ-
হয়তো ফের খুঁজে পাবে পথের দিশা।
বিশ্বাসের রয়েছে কিছু বিড়ম্বনা-
ভাঙতে চায় না প্রতাপী বানেও
অদৃশ্য থেকে ডাকে
অসমাপ্ত পথের শব্দগ্রামে
অলক্ষ্য হাতছানি দিয়ে,
কানামাছি খেলা লেগে আছে
জীবনের পরতে পরতে
গন্তব্যের গতিপথ বড্ড কুটিল
কিন্তু না দেখা কলেবরে আবৃত সদা ।
আয়নায় জমাটবাঁধা পারদ
একদা আত্মোৎসর্গ করে
রচিত হয় এক ঝর্ণাধারা
গোপন ভালবাসা এক সময়
ফুটে ওঠে সার্বজনীন বিলাস হয়ে,
ভেঙ্গে যায় শব্দের অবকাঠামো
মুখরিত হয় পুনর্বার জীবনের জাগরন, বাস্তব-অবাস্তবের দ্বন্দ্ব ভেঙ্গে
গড়ে উঠে নবীন পরাবাস্তবের
অনাবিল পারিজাত সৌধ।
২৩-১২-২০২০
Comments
Post a Comment