এ কি হচ্ছে আমাদের চারপাশে :
~~~~~~~~~~~~~~~~~~
প্রকৃতির রোষ থামার নামই নিচ্ছে না!
করোনা, আম্ফান,ভূ-কম্পন, ধারাবর্ষণ, বন্যা- জগতবাসী পরিশ্রান্ত! করোনা আজ কোনোও রাজ্য বা দেশের সংকট নয়, বরং সারা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে উঠেছে। এরইমধ্যে বিগত বুধবার রাতের খানিকের সাইক্লোন আম্ফান ভারত মহাসাগরের উপকূলীয় এলাকায় তৈরি করে গেল এক বিভৎস পরিস্থিতির। কেবল পশ্চিমবঙ্গেই প্রাণ গেছে সরকারি হিসেব অনুযায়ী ৭২ জন মানুষের। আঘাতপ্রাপ্ত বিকলাঙ্গ বহু সংখ্যক মানুষ হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন। হাজার হাজার গাছ বৃক্ষ ধরাশায়ী। এর মধ্যে রয়েছে শতবর্ষের স্মৃতি ধারণ করা কত বট অশ্বত্থ গাছ। কে হিসেব দেবে সেই গাছগুলোতে ছিল কত লক্ষ কোটি পাখি আর কীটপতঙ্গের নিবাস! সরকারি হিসেবে ৭২ হাজার, বেসরকারি সংস্থা গুলোর মতে প্রায় দেড় লক্ষাধিক মানুষের ঘরবাড়ি ভেঙেচুরে চুরমার! কয়েক লাখ মানুষ হঠাৎ করে চলে এলো সরাসরি আকাশের তলায়! লক্ষ লক্ষ বিঘা এক ফসলী জমির বুরোধান পানির তলায়। যার অর্থ এইসব চাষিদের সারা বছরের মেহনত তথা উপার্জনের মাধ্যম নিঃশেষিত !
একদিকে দাবদাহে জ্বলছে বিশ্বের নানা প্রান্তে চিরসবুজ বনাঞ্চল। অপরদিকে ক্রমবর্ধমান শহরিকরণ তথা শহুরে সভ্যতা বিকাশের নামে প্রতিনিয়ত চলছে বনাঞ্চল ধ্বংস ! বিস্তৃত হচ্ছে শহরায়ন । তৈরি হচ্ছে সারি সারি ফ্ল্যাটবাড়ি। এড আসছে- প্রকৃতির বুকে গড়ে উঠা অমুক টাউনশিপে এতো শত চোখ ধাঁধানো ফ্ল্যাটের বুকিং শুরু হয়েছে, হ্যারি আপ ! শিল্প কারখানা গড়ে তোলার নামে রিজার্ভ ফরেস্ট গুলো পর্যন্ত তুলে দেয়া হচ্ছে বড় বড় শিল্পপতিদের হাতে !
জুলুম নির্যাতন ক্রমাগত চলতে থাকলে তা সহ্য করেনা শ্রেষ্ঠ সৃষ্টি মানবজাতি, এমনকি ক্ষুদ্রাতিক্ষুদ্র কীট-পতঙ্গ ও ! কেবল সহ্য করে যাবে প্রকৃতি ? নাকি বদলা নিতে সে ও প্রস্তুত ?
তবু কামনা করি- জবরদস্তির কামনা, শুধরে যাক মানুষ ! বন্ধ হোক ধ্বংস ! তৈরি হোক সৃষ্টির বাতাবরণ ! দিকে দিকে ! বিশ্বের প্রান্তে প্রান্তে !
Comments
Post a Comment