বরাদ্দের গুঞ্জন । (কবিতা)
বরাদ্দের গুঞ্জন ॥
-আ,ফ,ম, ইকবাল॥
তরতর করে ফুরিয়ে যাচ্ছে
বরাদ্দকৃত সময়টুকু-
পিডিএস সামগ্রীর মত !
তন্ময় হয়ে খুঁজছি ডাইরিটা
যেখানে সংকলিত রয়েছে
প্রবাস জীবনের রোজনামচা,
হাওয়ায় যেন ভাসছে সময়টা
ঘনঘন পাল্টাচ্ছে রং,
জানিনা কখন ধপাস করে পড়ে যাবে মাটিতে-
যেখান থেকে জন্ম নিয়েছিল
এক অর্বাচীন উদ্ভিদ।
সংগ্রহ করে রেখেছিলাম-
কিছু নির্জন প্রত্যুষ
কিছু বুকফাটা রোদ্দুর
আর কিছু অলস বিকেল,
ক্ষণটুকু ছিল কেবল আমার
কেবলই আমার !
যেখানে ঠাঁই ছিলনা কোনো ভোরের পাখির, কোনো খামার শ্রমিকের,
কোনো কল্পলোকে বিচরণকারী কবির !
পত্রপাঠে জানতে পেলাম-
পুরনো মহীরুহটা ছেড়ে দিচ্ছে
লাল-হলুদ বিবর্ণ পাতাগুলো,
ঝরে পড়ছে তা
বিবাগী প্রেমিকার শেষ চিঠি হয়ে,
যার বার্তা বিরহ নয়, বিচ্ছেদের,
তিতিক্ষা নয়, পরিত্যাগের !
আবহমান হেমন্তের শেষে
একবুক বৈকালিক বসন্তের
চিরন্তন বাসনায় !
১৮-১২-২০২০
Comments
Post a Comment