মিলন সেতু।

     মিলন-সেতু।
                আ, ফ, ম,  ইকবাল॥

প্রচণ্ড শীতের জ্যোৎস্নামাখা রাত
হয়তো চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে
জাগ্রত কেবল বৃক্ষরাজি   
বনের মাঝে কারো ঘর
আর ঘরের মাঝে বিবাগির বসবাস   
জানিনা নিঝুম এই রাতে
কে যেন আমায় নাম ধরে ডাকে ! 
যদি না সে থামে-
হয়তো নেমে যেতে হবে পথে
নিভৃত নিরজনে!

বলা যে হয়নি এখনও অনেক গল্প  
প্রগাঢ় সবুজ কৃষ্ণচূড়ার শাখে
জমে থাকা কৈশোরের সেই উন্মাদনা- 
যার বহু স্মৃতি মুছে গেছে
লেগে আছে কিছু শৈবাল দিঘির 
অনিকেত জল পল্লবে 
ক্ষুদ্র জোনাকির জ্বলজ্বলে পুচ্ছ আলোকে
সে গল্পের বুদবুদ ভাসমান
স্ট্রিট লাইটের নিয়ন আলোকে ।

রাতগুলো বড় বিষণ্ন কখনও  
কিছু সন্ধ্যা ভরে উঠে ঝরাপাতার বেদনায়
দিগন্তে যখন ডুবে যায় চাঁদ 
ঝিঁঝিঁ পোকার আরাধনায় 
নতুন করে জন্ম নেয় 
যুগপৎ কামনার উত্তরাধিকার
কে জানে তখন কেউ যেন
মিটিমিটি চেয়ে থাকে মায়াবী চোখে !

এমনই এক সন্ধ্যায় নিঃসঙ্গ
আমি চলে যাবো সুদূরের ঠিকানায়
কাঙ্ক্ষিত আলোকের আবাহনে
প্রতীক্ষায় পথ চেয়ে রবো 
সকল প্রত্যাহ্বান পিছু ঠেলে
তুমিও যখন এগিয়ে আসবে
বসবে আমাদের নতুন বাসর !
                       ৩০/০১/২০২২। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।