ফেরার পথ ...........!
ফেরার পথ ...... !
আ,ফ,ম, ইকবাল॥
জানিনা কোথায় হারিয়ে গেছে
বাল্যের সেই প্রিয় নদী
রয়েছে যে আজও হৃদয়ে খোদাই করা
ভুলে গেছি সেই প্রান্তরের নাম
মতিন মাসুক ময়নাদের নিয়ে
কু-ঝিকঝিক খেলা করতাম !
বাল্যের যে পথে
হাফপ্যান্টটাও নিরাপদ ছিলনা
কাঁদায় পাঁকে
সেই পথে চলছে আজ দিনরাত
গাড়ি ঝাঁকে ঝাঁকে।
এক কেজি নুনের জন্য ছিল
মজিদের বাড়ি নইলে সুদূরের বাজার
সেই পথের ধারে আজ
রকমারি দোকান সারসার !
নেই সে মা-বাবার শাসন
ভাসে কেবল তাদের প্রিয় মুখচ্ছবি।
হন্যে হয়ে খুঁজে ফিরি
সেদিনের এক-বাঁশের সাঁকো
তার নড়বড়ে হাতল
পিছলা এ্যপ্রোচ
ছপাৎ করে লাফ দিয়ে উঠা শউল
লুঙ্গি দিয়ে জাপটে ধরা !
হারিয়ে গেছে অনেক কিছু
হারিয়ে গেছে কত স্মৃতি
তারপরও খুঁজে ফিরি:
সেই প্রিয় নদী, প্রিয় মাঠখানা
খুঁজে ফিরি বাড়ি ফেরার পথ
গ্রাম হয়েছে গ্লোবাল ভিলেজের অঙ্গ
গ্রাম পেয়েছে আধুনিকতার সঙ্গ
কেবল সঙ্গহীন হয়েছে
সে কালের একাত্মতার
হারিয়ে ফেলেছে অনুভূতি তার
টঙ্গির ঠাঁই নিয়েছে আধুনিক ড্রয়িং রুম
যেখানে কেবল আত্মস্বার্থের ধুম !
১২-০১-২০২২।
Comments
Post a Comment