জীবনের বাঁকে বাঁকে।

জীবনের বাঁকে বাঁকে ! 
                 আ, ফ, ম,  ইকবাল॥ 
                 
স্বপ্নগুলো ধরা দেয়না 
কিন্তু ধার দিয়ে যায় 
শত ভাবনা কত ভাব 
জীবনে কতকিছুই পাওয়া হয়না   
অথচ কত কিছুই চাই- গভীরভাবে   
ঘুরেফিরে স্বপ্নেই পেতে চাই।   
অবচেতন মনে অবশেষে তাই ধরা দেয়। 

বালকবেলায় বারবার  
খোয়াবনামা হাতে নিয়ে দেখেছি 
যা কিছু স্বপ্ন দেখতাম- 
তার মানে খুঁজতাম।  
আলো-ছায়ার মতো  
কখনও আলেয়ার মতো 
খুঁজে বেড়াতাম !  

ভীষন দুষ্টু ছিল স্বপ্নগুলো-  
ঘোরের মধ্যে আটকে থাকা  
চোখ খুলতেই হারিয়ে যাওয়া  
নবদিগন্তে লুকোচুরি খেলা 
তারই মধ্যে কত পরিতৃপ্তি !

বর্তমানের ভাজে ভাজে  
ফেরি দেয় আজও কিছু স্বপ্ন  
সেই সে প্রাইমারী স্কুলের মাঠ,  
পুকুরে দঙ্গল বেঁধে সাঁতার কাটা  
বৃষ্টির পানিতে কাগজের নৌকা ভাসিয়ে দেয়া,  
চার আনার বাদাম 
আট আনার বুট  
চার রঙের লজেন্স .............  ‌! 

তারপর বড় হয়ে  
জীবনে সিদ্ধান্ত নেওয়ার পালা   
অপরিচিত পাহাড়ি শহর 
নতুন করে চেনাজানা    
সীমিত যোগাযোগ  
বাল্যের সাথে দূরত্ব ক্রমবর্ধমান  
তবু পুরনো দিনগুলো ফিরে পেতে চাইতাম    যতসব অলীক পরিবেদনা !

কিছু স্বপ্নে মরচে ধরে না 
কিছু স্মৃতি পিছু ছাড়েনা 
কিছু আহ্লাদ ভুলা যায় না 
কিছু বেদনার ক্ষয় হয় না- 
এই নিয়ে জীবন 
এভাবেই এগিয়ে চলা ! 
                  ২৮-০১-২০২২। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।