কুড়িয়ে পাওয়া কলম।
কুড়িয়ে পাওয়া কলম।
আ, ফ, ম, ইকবাল॥
শহরের পথে হাঁটতে হাঁটতে
সেদিন কুড়িয়ে পেয়েছিলাম একটি কলম,
তার দাঁত ভাঙা
মাথা চেপ্টা, বিবর্ণ !
চরম বিপর্যস্ত অবস্থায়!
কুড়িয়ে তুলে নিলাম হাতে,
ওমনি সে জুড়ে দিল বিলাপ
সে কি ভীষন কান্না !
বিলাপ সেই মানুষটির জন্য
যে তাকে ব্যবহার করেছে
তার সকল আবেগ
সকল নিবেদন ব্যক্ত করার জন্য,
ব্যবহার করেছে তার সকল রক্তবিন্দু
ব্যবহার করেছে তার হৃদয়ের সকল অক্সিজেন
এবং তারপর-
তারপর তাকে অমনি ছুড়ে ফেলেছে
জনপথের উপর !
হিয়াভরা অভিযোগের জোয়ার-
যাকে সঙ্গ দিয়েছি রাতদিন
যাকে উজাড় করে দিয়েছি
আমার শেষ শোনিত বিন্দু
যার বুকে জড়িয়ে থাকা
সকল আবেগ
সকল উচ্ছাস
সবকিছু মুক্ত করতে ছিলাম দোসর-
সে ই কিনা অবশেষে....... !
কি ছিল আমার অপরাধ-
এমন করে পদতলে দিলো ছুড়ে ?
দু পা এগিয়ে
অন্তত একটি ডাস্টবিন
খুঁজে নেবার ও সময় ছিলনা তার ?
কাঁদছিলো বহুক্ষণ ধরে
অঝোরে
সেই নির্বাক কলমটি !
সে কি ভালোবাসা !
তার মাথা যখন ছিল তালাবদ্ধ-
আমার পেছনটা তার মুখে দিয়ে
টেনে টেনে বের করে এনেছি
যত অস্ফুট কথা !
এরপরও এমন নিষ্ঠুরতা !
দিয়েছিলাম তাকে লেখকের পরিচিতি
ভেঙেছিলাম তার যত ভয় ভীতি
জড়িয়ে রেখেছিলাম দিয়ে হৃদয়ের সকল মায়াপ্রীতি
কি করে ভুলতে পারি সেই সব মধুর স্মৃতি !
ভাঙা কলম আজ আমি,
আমারও ছিল একদা
পরম যত্ন সুসজ্জিত আস্তানা !
জানি- প্রজন্ম আজ আমায় যাচ্ছে ভুলে
আধুনিক গে'জেট হাতে নিচ্ছে তুলে
জ্ঞানের হয়তো হচ্ছে চর্চা লেখায় নয় আর !
জানিনা কে ছিল তার ব্যবহারকারী
পাইনি কোনো সুলুক সন্ধান
তবু ভাঙতে তার মান
ধুয়ে মুছে করি সাফসুতরো
সেই ভাঙা কলমটিরে
ফুটেছে এবার মিটিমিটি হাসি
সেই ভাঙা কলমের মুখে !
পরিতৃপ্তির সুরে
মুখ ফুটে বললো সে একটি মাত্র কথা-
সুখে দুখে থাকবো এবার একই সাথে !
১৭-০১-২০২২।
Comments
Post a Comment