ভারাক্রান্ত...... !
ভারাক্রান্ত..... !
আ, ফ, ম, ইকবাল।
দেখে এসেছি এবার
আম্মার সেই বয়স্ক আলমারি
যা দেখলেই মনে পড়ে যায়
আমার শৈশব আমার বাল্য
আমার চিরজীবি বিদেহী আম্মার কথা !
খুব প্রিয় আর পছন্দের বস্তু ছিল
আম্মার এই কালচে দাগ পড়া আলমারি। মাকে নিয়ে ছিল আমাদের সুন্দর অনুভূতি
যে কয়দিন আম্মা যেতেন বাইরে
যেখানেই যেতেন- তালা ঝুলানো থাকতো
মায়ের এই সম্পদের সিন্দুকে !
অদ্ভুত নিরাপত্তার নিশ্চয়তা !
যদিও চাবিটা থাকতো আব্বার বিছানার তলায়,
জানতো সবাই, কিন্তু ভঙ্গ হতো না সেই নিরাপত্তার ঘেরাটোপ !
বাচ্চাদের লালসা আর ভরসার
সে ছিল এক তৃপ্তিকর ভাণ্ডার !
যে 'খাড়া আলমারি'র অভ্যন্তরে ছিল
আম্মার পৃথিবী, আম্মার সাম্রাজ্য-
আজ তার হ্যণ্ডেল ভাঙা,
অবলুপ্ত আম্মার শাড়ি আর তাঁর জিনিসপত্র।
নেই সেই আচারের কৌটা গুলো
নেই থরে থরে সাজানো পান মশলার ডাব্বা
নেই সেই প্রাচীনকালের তালাটাও !
যে আলমারি একদা যোগান দিত
আব্বার বাইরে যাবার পরিচ্ছন্ন পরিধান
যে আলমারি বাঁচিয়ে দিত
অকস্মাৎ এসে পড়া মেহমানদের সম্মান-
সেই আলমারি আজ পড়ে আছে
মাতৃহারা ইয়াতিম শিশুর মতো-
অধুনা বিলাসী ঘরের এক কোনায় !
নবীন আসবাবের আগমনে
পুরোনোর ঠাঁই হয়েছে কোরিডরের শেষ প্রান্তে
জানিনা কখন নিশ্চিহ্নও হয়ে যাবে
দেখতে দেখতে সবার অজান্তে !
০৮-০১-২০২২।
Comments
Post a Comment