কেটে যাবে এই দিনটিও।
কেটে যাবে এই দিনটিও ..... ।
আ, ফ, ম, ইকবাল॥
এই দিনটিও কেটে যাবে
হ্যাঁ, এই দিনটিও কেটে যাবে
প্রাত্যহিকতায় রোজকার মত
কেটে যাবে আজকের দিনটিও
জীবনের ধারাপাতে
জুড়বে আরও একটি সংখ্যা !
ডালে বসে ডানা ঝাপটাচ্ছে
দুটি খেচর-
কে জানে পরক্ষনে
কোথায় তারা উড়ে যাবে
কোন দিগন্তের অমোঘ টানে
বৃক্ষ শাখায় রইবে শুধু পদচিহ্ন।
মলয় বহে ঝিরিঝিরি
সর্বক্ষণ, কে জানে কখন
রূপ নেবে তা প্রলয়ের
উজাড় করে দেবে দিগ্বিদিক
কত শাখা পড়বে ভেঙে
এরপরও রইবে কিছু অবশেষ।
তারপর রৌদ্রের কোলাহল
ফুটন্ত দহন
অগ্নিঝরা উত্তাপ
আশ্রয় পাবে যারা ছায়াতলে
তারাই বেঁচে যাবে দিনান্তে
অনলে অন্য অস্তিত্বের সমুহ বিনাশ !
২৬-০১-২০২২।
Comments
Post a Comment