স্মৃতির কপাট কবিতা
* স্মৃতির কপাট ! *
-আ,ফ,ম, ইকবাল॥
স্মৃতি বড় অদ্ভুত স্থিতি
পেলেই অবকাশ
আপনাকে যখন
মনে হয় বড্ড উদাস-
কখনও হাসি- কান্নার আবহে
কখনও ভাবাবেগের মোহে
নিয়ে চলে তার নিবাস !
হঠাৎ করে
দেয় উজাড় করে
হৃদয়ের কুঠুরিতে
জমে থাকা বরফের টুকরো যত,
লুকিয়ে ছিল যা
যুগান্ত ধরে অনাবিল অবিরত ।
কত হারিয়ে যাওয়া
চেনা চেহারা
কত স্মৃতি দিশাহারা
ভুলে যাওয়া অগনন মিত্র
ছিল যারা ধারেকাছে
আজ নৈর্ব্যক্তিক স্থির চিত্র !
হ্যাঁ, তার মাঝে ছিল
কেউ একজন
একান্তই কাছের জন
বুনে ছিলাম দুজনে মিলে
কত কল্পনা পরিকল্পনা
হয়নি যা কখনও বাস্তবায়ন !
ধীরে ধীরে কলতানে
পায়ে পায়ে এগিয়েছিলাম
দুজন দুজনের পানে
কত শলা কত কথা
হয়েছিল কানে কানে-
অকস্মাৎ কেমন সে হারিয়ে গেল
অজ্ঞাত কোন মোহাবেগের টানে !
হলোনা নতুন পথের যাত্রা
হলোনা কাঙ্ক্ষিত বাসরে মিলন
দুজনে হলাম ভিন্ন পথের পথিক,
জানিনা ক্ষনিকের সেই ভালোবাসা
আবেগের দিশাদশা
বুঝি ছিলোনা সঠিক ?
স্মৃতির মোহছায়া থেকে
যখন পাই মুক্তি
ফিরে আসি বাস্তবের মাঠে,
চেয়ে থাকি সেই পথে
যে দিগন্ত দিয়ে দিয়েছে সে পাড়ি,
চলেছি এগিয়ে সেই পথ ধরে-
শীগঘির দেবো ঠুকি তার বদ্ধ কপাটে !
২৯-০৩-২০২১
Comments
Post a Comment