নস্টালজিয়া কবিতা
* নস্টালজিয়া ! *
-আ,ফ,ম, ইকবাল॥
ছেড়ে আসা দিনগুলো আর ফিরবেনা কভু,
কত কথা কত স্মৃতি যায়না ভুলা তবু।
মনে পড়ে কাগজের নৌকা ভাসানোর সেই দিন,
মনে পড়ে কাগজের প্লেন উড়ানোর ক্ষণগুলো রঙিন !
মনে পড়ে সুপারির ঝরে পড়া গুটলির গুটি খেলা,
মনে পড়ে গ্রীষ্মের দুপুরে পুকুরের লাইকখুলি খেলা !
লুটকির পাকাগুটি খেয়ে খেয়ে মুখ ঠোঁট কালো,
লুকলুকি পিচুণ্ডির গুটিগুলো কার না লাগতো ভালো ?
সিঞ্চন করে কুয়া ধরে আনা পুটি টেংরা দাড়কিনা,
চিংড়ি ধরা তুলে তুলে পুকুরের যত কচুরিপানা !
ছড়ার পারের ডেফল গাছ পুকুর পাড়ের বরই-
আকুলতায় মাখা দিনগুলো ভেবে আজও ব্যাকুল হই !
ছেড়ে এসেছি বাল্য হারিয়ে গেছে কৈশোর যৌবন,
বার্ধক্যের কোলে চড়ে ভাবছি এবার- সব হারিয়ে যায় কখন !
দিবস শেষে থাকতো অবশেষ তবু গুটিকয়েক মার্বেল,
জীবন শেষে কী রইবে জমা- তাই ভেবে হই উদাস উদ্বেল !
০৬-০৩-২০২১
Comments
Post a Comment