রাজ-কৌতুক !
রাজ-কৌতুক !
না না, আমি কোনো নতুন ধরনের কৌতুক আবিষ্কার করতে যাচ্ছি না। কৌতুক নিয়ে আমার রাজ-ভাবনা ব্যক্ত করছি শুধু।
সার্কাসে আমরা দেখেছি কিছু সঙ থাকেন,যারা (হাল্কা) ডাণ্ডা দিয়ে একে অপরের পেছনদিকে টুশ করে মেরে দারুন মজা দিয়ে থাকেন।
সিনেমায় রয়েছেন কিছু কৌতুক অভিনেতা- যারা এমনতর ভূমিকায় অভিনয় করে থাকেন যার মাধ্যমে দর্শক মজা উপভোগ করেন।
ঠিক সেভাবেই শের-শায়রির জগতে কিছু 'ব্যঙ্গ কবি' কৌতুক কবিতার মাধ্যমে বিপুল হাততালি কুড়িয়ে থাকেন।
কিন্তু আমার অনুভব- এইসব প্রোফেশনাল কৌতুকাভিনেতাদের চাইতেও অধিক আনন্দময় রসালো কৌতুক পরিবেশন করতে পারেন আমাদের রাজ-নেতাগণ।
কিছু উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন- পেট্রোলের দাম ষাট টাকা হয়ে যাওয়াতে কেউ একসময় জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়তেন- 'পেট্রোল কা দাম' কম হওয়া চাই কি না, আজ পেট্রোল সেঞ্চুরি পার করার পর এই দ্রব্যাদির মূল্য নিয়ে চুপটি মেরে থাকা শ্রেয় মনে করেন।
আরবি লোককাহিনীর সংকলন হিকায়ত-এ-ক্বালয়ুবীতে একটি গল্প রয়েছে- الأولاد والضفادع, বালকেরা ও ভেকের পাল। রূপক গল্প- জাতকের মতো। গল্পটির সারাংশ এরকম। একদল বালক মাঠে খেলাধুলা করছিলো। হঠাৎ তাদের নজর পড়লো পার্শ্ববর্তী কূয়ার দিকে- যেখানে একপাল ভেক লাফালাফি করছিলো। বালকেরা কে কয়টা ব্যাঙের মাথায় ঢিল ছুড়তে পারে। ছেলেদের ডেলার যাতনা অসহনীয় হবার পর ব্যঙদের সরদার মাথা উঁচু করে বালকদের উদ্যেশ্য বললো- 'নাহ'নু নুক্বাসি আলামাল মাওত, ওয়া আনতুম তালআ'বুনা'! আমরা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছি, আর তোমরা ক্রীড়া করছো! আসামে তথাকথিত এনআরসি বেরুনোর পর চল্লিশ লাখ হোক অথবা উনিশ- নাগরিকেরা যখন নাগরিকত্ব হারানোর আশঙ্কায় চোখে সর্ষেফুল দেখছিলেন, মনে পড়ে তখন জনৈক নেতা এই সন্ত্রস্ত মানুষদের লক্ষ্য করে কতই না মজাদার কৌতুক উপহার দিচ্ছিলেন? কখনও 'ঘুসপেটিয়া', কখনো সর্বনাশা কীটপতঙ্গের সাথে তুলনা করে উইপোকা ইত্যাদি অভিধা সমর্পণ করছিলেন ! অস্তিত্বের সঙ্কটে দোদুল্যমান জনতাকে নিয়ে এধরনের উটকো কৌতুক সম্ভবত জগতের ইতিহাসে বিরল!
অন্য কেউ একজন একসময় দিব্যচক্ষে দেখতে পেতেন কোনো এক বিশেষ রাজ্যের নালা নর্দমা দিয়ে এক বিশেষ সম্প্রদায়ের মানুষের খুন বইতে! আজকাল দেখতে পান সেইসব নালা দিয়ে কেবল মধু প্রবাহিত হচ্ছে, মধু 🍯!
যে তেনা একসময় গাইতে স্বচ্ছন্দ বোধ করতো- করি ভেদাভেদ বিপুল পরিমাণ, হই মোরা আগুয়ান, সে আজ গাইছে-
'ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান
সাথে আছে ভগবান হবে জয়' ।
আরোও এক বিশেষ নেতা, যিনি নিজের আর চৌদ্দ গুষ্টির নামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, উনিও আজকাল বলছেন আমি কেবল দীনদুঃখিদের সেবার জন্য রাজনীতিতে এসেছি !
এবার আপনারাই বলুন- কারা অধিক কৌতুক পরিবেশনকারি ?
Comments
Post a Comment