আজকের ভাবনা
মানবদেহের উচ্চতা মাপা যায় ফিতা দিয়ে, কিন্তু মননের উচ্চতা পরিস্ফুট হয় ব্যক্তির চিন্তাধারা, অভিব্যক্তি ও কাজকর্ম দিয়ে। মাঠে নেমে দক্ষতার সাথে কর্মীরা কাজ তখনই করতে পারে যখন তাদের পেছনে, পর্দার আড়ালে সুচিন্তিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উদাহরণ স্বরূপ রাজনীতি বিজ্ঞানের যত গৃহীত সুত্র, ফর্মুলা বা থিয়োরি রয়েছে, তার সিংহভাগই অরাজনৈতিক ফিলোসফারদের দ্বারা বিরচিত- যাদের প্রত্যক্ষ রাজনীতির সাথে কোনো সম্বন্ধ ছিল না।
ঠিক সেভাবে আইনশাস্ত্রের সকল প্রণেতাই যে ব্যবহারজীবি বা ন্যায়াধীশ ছিলেন, তা ও নয়। তাই আপনার সেই বাহানা গ্রহণযোগ্য নয় যে প্রেক্টিক্যাল ফিল্ডে নেমে কাজ করা যেহেতু আমার পক্ষে সম্ভবপর নয়, অতএব আমি পঙ্গু, আমার দায়ভার নেয়ার মতো আর কিছু নেই।
আপনার মধ্যে, আপনার চিন্তাধারা, আপনার মননের মধ্যে যতসব ধনাত্মক ভাবধারা টগবগ করছে, তা আপনার বিবেকের আমানত। আপনার জ্ঞানগরিমার ব্যাজ। তার উপর ঢাকনা ঢেলে রাখা মানেই সম্পদের অপচয়। আপনার বিবেক কিভাবে এধরনের অপচয়ের অংশীদার হতে শেখায়?
সুতরাং আসুন, দায়ভার পালন করে যাই নিজ নিজ অবস্থানে থেকেই ।
(জনৈক বিদ্বান সুহৃদের এক প্রশ্নের উত্তরে)।
Comments
Post a Comment