গপসপ
আজকের গপসপ।
মাটির উর্বরা শক্তি ফসল উৎপাদনের তারতম্যের কারণ হয়, একথা আমরা খুব ভালো করেই জানি। কোনো জায়গার মাটি যথেষ্ট উর্বর হলে সেখানে ফলফসল, গাছপালা, বৃক্ষলতা সবকিছুই কাঙ্ক্ষিত রূপে ভালো হয়ই, এমনকি কিছু জায়গা পরিত্যক্ত খালি পড়ে থাকলে স্থানিক উর্বরতার জন্য আগাছা গুলোও সেখানে খুব তাগড়া হয়ে চারদিক ছেয়ে ফেলতে উদ্যত হয়।
আমার একটি ধারণা- মানবিক ফলনশীলতার ক্ষেত্রেও স্থানিক পারিপার্শ্বিকতা অনেকটা কার্যকর হয়ে থাকে। ভূমির তারতম্যের মতোই কিছু কিছু এলাকায় কল্পনাতীত ভাবে অনেক উঁচু স্তরের মানুষ উঠে আসেন, বাহ্যিক পরিদৃশ্যে অনুকূল পরিবেশ অবিহনেও। তাঁরা কেবল সংশ্লিষ্ট এলাকা বা অঞ্চলই নয়, বরং বৃহত্তর জনপদকে গৌরবান্বিত এবং আলোকিত করে তুলেন।
এবং..... এবং সেই একই উর্বর অঞ্চলে এমন কিছু অনাকাঙ্ক্ষিত আগাছাও উৎপাদিত হয়, যা একইভাবে সংশ্লিষ্ট অঞ্চল ছাড়িয়ে বৃহত্তর জনপদকে কলুষিত এবং কলঙ্কিত করে তোলার কারক হয়ে উঠে!
আমাদের গৃহজেলার এমন একটি প্রত্যন্ত অঞ্চল রয়েছে, যেখান থেকে চার পাঁচ দশক আগে যতসব গুণীজন উঠে এসেছিলেন, দিকদিগন্তে আলোকবর্তিকা ছড়িয়ে দিয়ে গেছেন এবং আজ অবধি ছড়াচ্ছেন, উন্নত শহরতলী এলাকায়ও, অনেক সার কীটনাশকের সহায়তা নিয়েও সেই উচ্চস্তরের মনুষ্য উৎপাদনে স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হচ্ছে না।
কিন্তু একই সঙ্গে একই অঞ্চলের এমন কিছু নাম সমসাময়িক কালে জনমনে ভীতির সঞ্চার করতো ! এদের নাম শুনেই সাধারণ জনতা 'লা হাওলা ওয়ালা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ' পড়তে অভ্যস্ত হয়ে উঠেছিল!
ঠিক তার বিপরীত চিত্রও আমাদের সামনে রয়েছে, যেখান থেকে না ভালো মানুষ উঠে আসছে, না গুরুতর অমানুষ! হামেশাই পাথুরে মাটির নিরস উৎপাদনশীলতা !
অতি সম্প্রতি একটি কথা বারবার মনে পড়ছে, জানিনা আপনাদের ধারণার সঙ্গে মিলবে কি না। বরাক উপত্যকার একটি বিশেষ অঞ্চল, যেখান থেকে সর্বদা এমন উত্তম নেতৃত্ব বেরিয়ে এসেছিলো বা আসছে আজও, যারা কেবল আঞ্চলিক বা রাজ্যিক স্তরেই নয়, জাতীয় স্তরেও নেতৃত্ব দিয়ে উপত্যকা বা রাজ্যের মুখোজ্জ্বল করেছেন, সেই অঞ্চলেই কিছু পোকামাকড় ও পঙ্গপালের বসবাস পরিলক্ষিত ! যে পঙ্গপালের দঙ্গল যতটা দৃশ্যমান, ততোধিক অদৃশ্য রয়ে রয়ে উন্নত ফসলের কানন কলুষিত করার অবিরাম প্রচেষ্টায় লিপ্ত রয়েছে !
খুব সাধারণ গপসপ হিসেবে নেবেন কথাগুলো । শেয়ার করতে পারেন আপনাদের ধারণা এবং অভিজ্ঞতা। আর সবার কাছে বিনম্র অনুরোধ তথা আবেদন- দয়া করে কেউ কোনো জায়গার নাম নেবেন না। যাতে করে কোনো অঞ্চলের মানুষের মানসম্মানে বিন্দুমাত্র আঘাত না লাগে।
Comments
Post a Comment