বীক্ষণ

     * বীক্ষণ * 
             -আ,ফ,ম,  ইকবাল॥ 
          
বাতাসকে বলেছিলাম একদা  
তুমি হও আরো শক্তিশালী,  
আমাকে উড়িয়ে নিয়ে যাও  
অনিন্দ্যসুন্দর আকাশে  
যেখানে হতে পারে  
সকল বেদনার উপসম। 

জানি, সে ছিল আমার  
ক্ষণিকের ভ্রম !  
না, চাইনা আমি শেকড় থেকে ছিন্ন হতে  
ভুলতে চাই না-  
মাতৃস্তনের অমৃত সুধার স্বাদ  
চাইনা-  
বাতাসের মতো আবরনহীন বিচরন  
চাইনা হতে সোনালী টবের চারাগাছ। 

ডুবন্ত মানুষও বেঁচে থাকতে চায়  
খড়কুটোর শেষ খন্ডটি ধরে  
আমিও বেঁচে আছি  
আমার মৌরশি খোলস নিয়ে  
এবং প্রস্তুত রয়েছি  
আমার শেষ পরিনামের জন্য। 

রক্তক্ষরণের মধ্যেও হয় আশার চাষ  
সময় এসে গেলে  
তীর্থপথেও অবধারিত মৃত্যু  
পথ চলতে চলতে  
বদলে যায় পারিপার্শ্বিকতা  
হয়তো বদলে যাচ্ছি আমিও, 
তবু আবার জেগে উঠতে চাই- 
'মা, আমায় কোলে তুলে নাও' বলে। 
                         হাফলং,ডিমা হাসাও ।
                               ০৮-০৯-২০২০

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।