প্রত্যয়ের উন্মেষ
* প্রত্যয়ের উন্মেষ *
-আ,ফ,ম, ইকবাল॥
জীবন থেমে থাকে না
পোড় খাওয়া ভূমিখণ্ড
স্তরে স্তরে সাজিয়ে দেয়
জীবনের জন্য রক্ত গোলাপ
বুকফাটা উত্তাপে
অবলীলায় খেলা করে গ্রামীণ শিশু
আম্ফান শেষে
দ্বীপের বুকে ফের জ্বলে উঠে
নবীন উন্মেষের শিখা ।
জীবনের অনাবিল সিন্ধুবিতানে
কখনো জেগে উঠে
পার্বতী পিচ্ছল সিঁড়ি
উঠতে গিয়ে পড়ে যাওয়ার রয়
সঞ্চিত সংজ্ঞা
স্বপ্নমুখে জলপর্দাকে
টেনে ধরতে হয় শুধু !
সঙ্কটকাল আসে
চলেও যায় ফের
এরপর হাত ধরাধরি
এগিয়ে চলার শপথ
নবীন চন্দ্রালোকে ভেসে উঠে
আকাশগঙ্গায় নব নব পথ।
ব্যক্ত অব্যক্ত অভিসার
নির্মাণের অভিজ্ঞান
কাঁপা কাঁপা ভোর
দাঁড় করায় ফের সূর্যের মুখোমুখি
রকমারি ঐকতানে
নীড়ে নীড়ে নবীন গুঞ্জন
বাজে ফের মানবতার ধ্রুপদী কোরাস।
তাকিয়ে থাকি শুধু- অক্লান্ত পথিক !
২৮-০৯-২০২০
Comments
Post a Comment