একটি অনুধাবন।
একটি অনুধাবন।
মানব জীবনকে সফল এবং সুন্দর করতে সবাই সাধ্যানুসারে প্রয়াস এবং প্রচেষ্টা করে থাকে। ফল-ফুলের বাগানকে মনোরম এবং ফলবান করে তুলতে আমরা যেমন সময়মতো সার কীটনাশক ব্যবহার করি, আবশ্যকমতো পানি ঢেলে থাকি, তেমনি জীবনকে সাজাতে গিয়ে আজীবন তার রসদ যুগিয়ে যাই। একটি কাননকে ফুল্ল করে রাখতে তার যে রসদ যোগান ধরা হয়, তার পরিপ্রেক্ষিতে কেবল যে ফল-ফুলের বৃক্ষ-লতাই বেড়ে উঠে, তা তো নয়, বরং তার সাথে সাথে অনেক আগাছাও জন্মায়। এবং সেই আগাছাগুলো সময়মতো উপড়ে না ফেললে একসময় মূল ফসল বা ফুলের গাছকে ছেয়ে ফেলে। ঠিক তেমনি জীবনকে কুসুমিত করতে গিয়ে যতসব আবশ্যক উপকরণ প্রয়োগ করা হয়, তার মাঝখানে যে আগাছারও বাড়বাড়ন্ত হবেনা, তার কি নিশ্চয়তা রয়েছে? -না। এখানেও অনেক অনেক আগাছা জন্ম নেয়, জন্ম নেবার সম্ভাবনা রয়েছে অনেক বিষধর বিষবৃক্ষ ও। তাই সচেতন মালীর কর্তব্য হচ্ছে জীবন কাননে কোথাও কোনো আগাছা ফুটছে কি না, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা। অন্যথায়- সম্ভাবনা রয়েছে সারাজীবন ধরে সাধনা করে সাজানো কানন আগাছার আড়ালে লুকিয়ে পড়ে থাকে!
Comments
Post a Comment