মৌন বারতা । কবিতা
* মৌন বারতা *
-আ,ফ,ম, ইকবাল॥
সেদিন ছিলাম শ্রান্ত ভীষন
নিয়েছিলাম গাছের ছায়াতলে আশ্রয়,
সবুজ ঘাসের কোমল বিছানায়
আমেজ যুগিয়েছিল মৃদুমন্দ মলয়।
পাতার ফোঁকর দিয়ে রবির কিরণ
দিচ্ছিল বুলিয়ে মাথায় চুম্বন,
বাড়িয়ে বাহু ছায়াদার ডালপালা
জড়িয়ে করছিল কেমন আলিঙ্গন !
নিঃশব্দ নিশ্চুপ এমনি জানিনা
রয়েছিলাম পড়ে কতক্ষণ,
এরই মাঝে চুপিসারে কে যেন
কবিতায় ভরিয়ে দিল অঙ্গন !
অকস্মাৎ করি অনুভব
ঝরে পড়া দুটি পাতার পরশ,
কানে কানে বলে দিল তারা-
এমনি তোমার জীবন হতে তব পড়ছে খসে একটি করে দিবস!
ফিরলো চেতনা আচমকা
বাজলো কানে এ কোন অদ্ভুত এলার্ম !
ছেড়ে কবিতার পরিসর
অবসন্ন দেহে ফিরে চলি আপনার ধাম !
১৫-০২-২০২১
Comments
Post a Comment