আধ-পাগলের কবিতা
আধ-পাগলের কবিতা
-আ,ফ,ম, ইকবাল॥
জীবন পরীক্ষার রুটিনে
কখনও হেরফের হয়না
যতই চেষ্টা কর-
ভোরের আগে ফুটেনা
ভাগ্য-রবির কিরণ।
গন্তব্য বহুদূর
পথ সমস্যা সংকুল
তাগিদ যতই থাক-
সংকুচিত হয়না তা কভু
নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হয়।
বিশ্বস্ত হয়না সদা নদীতীর
পদস্খলনের শঙ্কা সদা তবু
তরীর সন্ধানে তটে যেতে হয়
তারপর পারাপারের স্বপ্ন ...... !
সময় যখন সঙ্গ দেয়-
সঙ্গীর হয়না অভাব
সময়ের মাঠে চলে কত খেলা
সময়কে সময়োপযোগী করে নিতে হয়।
প্রতিশ্রুতি ?
ভাঙাই হয়েছে নিয়ম আজ
রাজনীতি যখন
প্রবেশ করেছে ঘরে ঘরে
রাজার মতো বেঁচে আছে শুধু 'আশা'
তাই নিয়ে সকল ভালোবাসা
আধ পাগলের কাছে তা ই কবিতা !
২৮-১০-২০২২।
Comments
Post a Comment