আমি এক সবজান্তা

*  আমি এক সবজান্তা  !* 
                  -আ,ফ,ম,  ইকবাল॥

আমি এক সবজান্তা 
কোন জ্ঞান নেই মোর ? 
জনগনে যাই ভাবুক 
আমিই সেরা পণ্ডিতপ্রবর ! 
জানি আমি সবকিছু 
রীতিনীতি সংস্কার, 
গগন-পবনে ধরাধামে 
যত কিছু দরকার ! 
জানি আমি ভূগোল ইতিহাস 
কোরান পুরান বেদ বাইবেল, 
কুস্তি শরীরচর্চা তীরন্দাজী- 
এসব যে মোর বা-হাতের খেল ! 
জানি আমি রাজনীতি কূটনীতি 
সমাজনীতি দর্শনশাস্ত্র, 
আইন কানুনের যত ফাঁকফোকর- 
একেবারে জলবৎ তরলং মাত্র ! 
মাস্টারি করি বলে কেউ মোরে 
ভাবে সাধারণ টিচার, 
মাস্টার্স নই কোন বিষয়ে 
আছে এমন ক্ষেত্র অথবা ফিচার ? 
ফেইসবুকের কত আর ফেইস ভ্যালু 
হোয়াটসঅ্যাপ কি আর ছড়ায় জ্ঞান ? 
ব্রহ্মাণ্ডের যত খুঁটিনাটি জানি আমি 
কেবল দিব্য চোখে করে ধ্যান ! 
তর্কবিজ্ঞান বিষয়টি মোর 
ছিল অতি শখের পাঠ্য, 
তাই আমি অবিরাম তুলে ধরি 
যত্রতত্র যতসব যুক্তি অকাট্য ! 
দেশি বিদেশি যত কাব্য সাহিত্য ভাই 
সবকিছু মোর নখদর্পণে, 
চিনলো না অস্লো মোরে তাই 
দিলোনা নোবেল- এইটুকু দুঃখ মনে !  

এই যুগে আছে কেউ মোর মতো পণ্ডিত 
পাণ্ডিত্যের ঠেলায় নিদ্রা আসেনা তাই, 
জানিনা আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেবল- 
জগজনে জ্ঞান কিন্তু অহরহ বিলাই ! 
                    ১৪-১০-২০২০ 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।