চারপদী
পাঠশালা আর জীবনের পাটিগণিতে রয়েছে অদ্ভুত ফারাক,
সে যোগ বিয়োগ গুণ ভাগ- যা ই ধরা যাক !
একের সাথে মেলালে এক আরও দুই হয় জানি খুব,
দাম্পত্যে দুটি প্রাণ মিলেমিশে এক স্বত্বার পূর্ণ রূপ!
কবেই সে শিখেছি দুই থেকে এক গেলে এক অবশেষ হয়,
বলো তবে জীবন থেকে অভীষ্ট হারিয়ে গেলে কি বাকি রয় ?
দুইয়ের থেকে দুই প্রাণ মিলেমিশে যদি একই সংসার,
দুই দুগুণে চার- এখানেও দেখো মিলছে না আবার !
জোড়া জোড়া সংসার হতে যবে একজন যায় সরে,
ভাগশেষ হয়ে শেষজন আর বাঁচে কি সংসারে !
Comments
Post a Comment