অথ গাধার বচন।
অথ গাধার বচন !
অতি সম্প্রতি হ্যাশট্যাগ শহরে এক অদ্ভুত গাধার আবির্ভাব হইয়াছিল। আবির্ভূত হইয়াই সে মানুষের সহিত মানুষের মত কথা কহিতে আরম্ভ করিল!
-ওহে মনুষ্য সন্তানেরা, তোমরা যদি ইহলোকের সুখ এবং পরলোকের শান্তি কামনা করো, তাহা হইলে আমার মতো গাধা হইয়া যাও !
উপস্থিত মানুষজন আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন-
-গাধা হইলে যদি সুখ ও শান্তি লাভ করা সম্ভব হয়, তাহা হইলে গাধা হইতে আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা যে মানুষ জ্ঞাতি, গাধা আবার হই কি করিয়া?
-খুবই সহজ, তোমরা টিভিতে নিউজ দেখা আরম্ভ করিয়া দাও, কিছুদিনের মধ্যেই এক একটি গাধায় পরিণত হইয়া যাইবে। এবং গাধা হইবার ইহজগতে সবচাইতে বড় ফায়দা হইল- তোমাদের দেশপ্রেম বাড়িয়া যাইবে। যাহার ফলে দেশভক্তের তকমা পাইয়া রাজমহলের পিয়ারা হইয়া উঠিবে। তখন তোমাদের চৌদ্দ খুন মাফ! এবং সার্বিক সুযোগ সুবিধা তথা উত্তম নিরাপত্তা নিশ্চিত হইয়া উঠিবে।
-ঠিক আছে গাধা ভাই, কিন্তু যে কোনো নিউজ চ্যানেল দেখিলেই বুঝি গাধা হইয়া উঠা সম্ভব?
-না না, তাহা মোটেই নহে। লক্ষণ দেখিয়া দেখিয়া অবলোকন করিতে হইবে। সকল চ্যানেলে এই পরম গুণাবলি সন্নিবিষ্ট পাইবেন না !
-লক্ষণ ! সে আবার কি রকম?
-যে সব চ্যানেলের এ্যঙ্কররা চিল্লাইয়া চিল্লাইয়া কথা কহিয়া থাকেন, যাহারা কথা কহিবার সময় মুখ চোখ দিয়া অগ্গি উদ্গিরণ করিয়া থাকেন, হস্তযুগল মুষ্টিবদ্ধ করিয়া চ্যানেলে বসিয়া বসিয়া কুস্তিগিরির অনুশীলন করিয়া থাকেন, অতিথিদের নিমন্ত্রণ করিয়া কথা আনয়ন করেন কথা শুনাইবার জন্য, তাহাদের কথা শুনিবার জন্য নহে ! যাহারা সংবাদ পরিবেশন করেন সংবাদ লুকানোর জন্য, প্রকাশের জন্য নহে! ............................. ইতি+আদি ! এইভাবে যদি চিনিয়া চিনিয়া উত্তম চ্যানেলগুলো মাত্র দিনকয়েক অবলোকন করিতে পারেন, তাহা হইলে অতি শিগগির আপনারা আমা হইতে উত্তম গাধায় পরিণত হইয়া যাইবেন!
-ঠিক আছে গর্দভ ভাই, বুঝিলাম গাধা অতি উত্তম বস্তু! এবং গাধা হইতে পারিলে অনেক এডভান্টেজ হাসিল করা সম্ভব ও সহজ হইয়া উঠিবে! কিন্তু বলোতো, তুমি কেমন করিয়া গাধা হইলে ?
-আরে দাদা, এমন প্রশ্ন করিয়া কেন আমাকে লজ্জা দিতেছেন- আমি তো জন্মগতভাবেই গাধা !
Comments
Post a Comment