দেবেন হুজুর, ১০টা মিনিট সময় ?

দেবেন হুজুর, ১০টা মিনিট সময় ? 
                   -আ, ফ, ম,  ইকবাল॥

ভেঙে ফেলুন, 
গুড়িয়ে দিন আমাদের ঝুপড়িটা  মিটিয়ে দিন আমাদের ঠিকানার অস্তিত্ব !  
শক্তিশালী বুলডোজার   
সমতল করে দিক আমাদের ভিটা   
আমাদের মৃন্ময় চাতাল;   
কেবল দশটা মিনিট সময় দেবেন হুজুর- 
মাত্র দশ মিনিট সময় ?

না, আমরা কোন প্রতিবাদ করব না  
প্রতিবাদ আমরা করতে জানিনা 
প্রতিরোধ কারে কয়- তাও আমরা জানি না !  
এইটুকু জানি শুধু-  
এই চালের তলায় রয়েছে   আমাদের আরোও গুটিকয়েক ঝুড়ি    
কিছু লজ্জা ঢাকার বস্ত্র   
আর স্বল্প কাঁথা-বালিশ;  
নিয়ে আসতে পারি হুজুর-  
দেবেন আরোও দশটা মিনিট সময় ?  

নিয়ে আসতে দিন আমাদের  
গুটিকয়েক কাগজ   
বাঁশের তাকে যা রয়েছে সংরক্ষিত   যে কাগজ আমাদের দেখাতে হয় বারবার   
যে কাগজ স্বীকৃতি দেয় না আমাদের নাগরিক অধিকার   
যে কাগজ নিশ্চিত করে না আমাদের সম্ভ্রম নিয়ে বাঁচার অধিকার,    
তবু সেসব কাগজ আমাদের দেখাতে হয় বারবার,   
তাই সামলেও রাখতে হয়;   
দশটা মিনিট সময় চাই আরোও 
দেবেন হুজুর ?  

চলেই যাব   
যেতে যে হবেই আমাদের  
এই ভিটামাটি ছেড়ে  
নিশ্চিত চলে যাব আমরা  
জন্মাবার সময় যে আমরা  
নিয়ে আসিনি এক কাঠা জমিও !  আমরা জন্মেছি এক স্বাধীন দেশে  
পরাধীন যাযাবর হয়ে   
আমাদের তাই নেই এক ছটাক ভূমির অধিকার   
অধিকার নেই চালার তলায় জীবন  যাপনের !   
তবু জানেন ?   
আমাদের রয়েছে এক বিশাল জগত   
সুবিশাল আকাশের তলায়-    
যে আকাশটাকে  
পারবে না কেউ কেড়ে নিতে   আমাদের মাথার উপর থেকে    
সাধ্য হবেনা কোন বুলডোজারের  
ভেঙ্গে দিতে সেই অনাবিল ছাদ !

আমরা চলেই যাচ্ছি হুজুর,     
চলে যাব মাত্র দশ মিনিট পর   আমাদের বোঁচকা ঝুড়ি গাঁট নিয়ে;    
সফল হোক তবু   
তোমাদের উচ্ছেদ অভিযান !  
জানি এই মাটি খালি পড়ে থাকবে না   
শীঘ্রই তা হস্তগত হবে কর্পোরেটদের   
গড়ে উঠবে শিল্প কারখানা  
তাদের শখের রিসোর্ট !   
আমরাও ফিরে আসবো   
মজদুর খাটতে,  
ওদের কারখানায়। 

ফিরে আসবো নিশ্চিত-  
ফিরে এসে জোগাড় করবো  
আমাদের জ্যান্ত থাকার রসদ;   কেননা বেঁচে যে আমাদের থাকতেই হবে   
বেঁচে থাকতে হবে বুলডোজারের সবগুলো চাকা ভেঙে   
ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে  
বিদ্বেষের বাহাদুরি মুছে দিয়ে   
গড়ে তুলতে হবে এক নতুন সমাজ    নবীন শাসন ব্যবস্থা   
সাম্যের   
সম্প্রীতির   
ভাতৃত্ব আর প্রেমের !    
দশটা মিনিট সময় দিন তাই   
মাত্র দশটা মিনিট হুজুর !   
          -নিকু কলিতা। শিলাসাঁকো উচ্ছেদস্থল থেকে। 
                    ০২-০৩-২০২৩। 

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।