দুর্বোধ্য প্রকৃতি, না গণিত ?
দুর্বোধ্য প্রকৃতি, না গণিত ?
-আ, ফ, ম, ইকবাল॥
নিশির জঙ্গলে
ঝাঁকে-ঝাঁকে আলো
যেন জোনাকির মিছিল
অপরূপ জ্যামিতিক নকশায়... !
খানাখন্দ পেরিয়ে
বাঁশঝাড় ছুঁয়ে বইছে
বিষাদের নালা ঝিরঝির
ঝরোঝরো পাতা খসার শব্দ রাতের পারদ হয় গম্ভীর !
জামদানি বাতাসে
বেগুনি আকাশ যখন ঢুলুঢুলু
জুম জ্বলা পাতার
টুকরো টুকরো ছাই
উড়ে বেড়ায় ভোরের আকাশে চোখ জুড়ানো সেই বুনন-সৌন্দর্য !
বৃক্ষের পাতায় পাতায়
লিখে রাখা অগণন পুস্তক
তৃষ্ণার্ত চোখ ভাষা খুঁজে
নতুন করে অধ্যয়নের
আগ্রহী মনন
কথা বলতে আগ্রহী
নিবিড় প্রকৃতির সাথে !
প্রকৃতির স্থির রাজ্যে
অস্থির ধোঁয়া যখন ঝামটা দেয়- গণিতের সকল সুত্র
হয়ে উঠে উল্টোপাল্টা
সবাই শুধু সংখ্যা-
জগতের প্রতিটি প্রাণ
প্রতিটি মনুষ্য ও !
তারপর-
কি করে আর বলি
গণিত এক দুষ্পাঠ্য বিষয় ?
২৮-০১-২০২৩।
Comments
Post a Comment