প্রত্যাশা.......
প্রত্যাশা........
-আ, ফ, ম, ইকবাল॥
কতদিন আর থাকবো তোমার সাথে
হে জীবন,
জ্যান্ত থাকতে হয়
থাকতে হলে তোমার সঙ্গে
জানি একটা জীবন থাকে ওইখানে-
তাকের পেছনে ।
গোরখোদকের কাছে গচ্ছিত রয়েছে চাবি–
যতনে দেবে তারা পুঁতে
জীবনটা কি নয় আসলে
অব্যবহৃত কাপের মতো ?
গৃহিনীর বাতিলকৃত
প্রাচীন ফ্যাশন
অথবা ভেঙে যাওয়া !
এটাও সত্যি-
মরতে আমি চাইনা
প্রেমে পড়ে গেছি তোমার সাথে
হে জীবন-
চোখের পাতা বন্ধ করার আগে
খোলা থাকতে হয় দুটো চোখ
কিন্তু আমার তো তা খোলাই হয়নি
দেখতে পাইনি আজ অবধি
যা দেখার ছিল
শুনতে পায়নি কান-
যা শোনার ছিল !
জানি-
আমি না চাইলেও
একদিন মৃত্যু এসে দাঁড়াবে পাশে
বলবে আমার উপর তারই অগ্রাধিকার স্থির হিমশীতল করে তুলতে চাইবে সারা পরিসর-
সে বুঝি তার অগ্রাধিকার?
না,
আমি উঠে দাঁড়াবো
মানবোনা হার
শোনাবো তারে প্রভুর ফরমান-
মৃত্যুর আগে করো পরিপূর্ণ ঈমান !
দেখতে চাই তাঁকে কাছে
দিয়েছেন জীবন যিনি
ডুবে বাঁচতে চাই
মরতে চাই তারই আলোকে !
একটিমাত্র উপত্যকা শুধু
পেরিয়ে গেলেই হবে মিলন;
ফারাক কেবল একটি দরজা
তারপর হবো একাত্ম
সেই মহাসাগরের সাথে
বিরাজমান যথা-
নিরন্তর শ্বেত-শুভ্রতা !
২৩-০১-২৩।
Comments
Post a Comment