* চাহনি অপলক শুধু *
-আ,ফ,ম, ইকবাল ॥
কাজহীন সকালে নিষ্পলক চেয়ে আছি
তৃপ্তিহীন আলস্য মাখা সেই তাকিয়ে থাকা
ঝিরঝির ধারাবর্ষণে ঘাসের বুকে
জমা হচ্ছে কালের অশ্রুকণা
চেতনার ভূমি
কেমন যেন হারিয়ে ফেলছে সকল উর্বরতা !
ধরণী আজ কোলাহলহীন, নিঝুম নিস্তব্ধ
অনাকাঙ্ক্ষিত বিপরীত মেরুতে অবস্থান
চোখ জোড়া নিদ্রাতুর- অসময়ে
তবু চেয়ে আছি অপলক নয়নে
বড্ড তৃপ্তি হীন সে চাহনি !
জানিনা আরও কতদিন
এমনি করে লিখতে হবে বিষয়হীন কবিতা ?
নিরাপত্তা হীনতায় স্থবির পারিপার্শ্বিকতা
না-দেখা শত্রুর আলিঙ্গনে
হারিয়ে যাচ্ছে কত আপনজন
চেনা-অচেনা মানুষজন
শুন্য হচ্ছে ক্রমশ চিরপরিচিত ভূবন !
পথ চেয়ে আছি শুধু নির্বিকার
কে জানে কখন
পরের ঢেউয়ের ঝাপটায়
কখন কারে তুলে নেয় !
নাকি দেখতে পাবো
আরেক জাহান
ঝড়ের তান্ডব শেষে
নবীন অঙ্গনে
নতুন পরিসরে ?
১০-০৭-২০২০
Comments
Post a Comment