কথাকলি

কথাকলি 
         -আ, ফ, ম,  ইকবাল॥ 

গল্প বলি সেদিনের 
যেদিন দুজনকে  
পেয়ে গিয়েছিলাম একই সাথে- 
আনন্দ আর বেদনাকে। 
 
বললাম আনন্দকে- 
চলো, সঙ্গে চলো মোর 
চলে যাই ওই নিভৃত বাসরে 
দুঃখের ভুবন ছেড়ে 
চির সুখের সাগর সঙ্গমে !  

মুখ ভেঙচি দিয়ে 
হাসতে হাসতে আনন্দময়ী 
অবশেষে কানে কানে 
জিজ্ঞাসে - 
আগে বলো 
পেয়েছো কি সেই ঠাঁই খুঁজে 
রবেনা যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী মোর ? 
 
- প্রতিদ্বন্দ্বী ! সে আবার কে ? 
- গেছি যতখানে  
নিভৃত প্রেমের নিবিড় সন্ধানে 
পোহাতে না বাসর রাত 
রঙিন প্রভাতে এসে করে কষাঘাত 
দুঃখ নামের সতীনি ওই ! 
বলি তাই- 
পেয়েছো কোথায় 
নিবিড় সুখের সেই ঠাঁই ? 

তারপর থেকে 
একা হেঁটে হেঁটে 
ক্লান্ত বদনে পৌঁছে  
সেই অকৃত্রিম মাটির ঘরে 
মৃত্তিকা মানবীর হাত ধরে 
জীবন নদীর চরে 
পেয়েছি ঝড়ঝাপটা মাখা 
আঙিনায় আল্পনা আঁকা 
কাঁটা ভরা শ্বেত গোলাপের কানন ! 

সব সুখ লুকিয়ে এখানে 
শুধু চেয়ে দেখা 
পরস্পরের আনন ! 
                   ০৭- ০৯-২০২২। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।