জীবন যে একটাই
জীবন যে একটাই
- আ,ফ, ম, ইকবাল।
হ্যাঁ, একটাই তো জীবন
তার জটরে কত স্বপ্ন
কত স্বাদ কত ভালোবাসার লালন
অপলক চোখে
তাকিয়ে থাকা শুধু
নিঃস্তব্ধ হৃদয়ে পাথুরে অনুভব।
রয়ে যায় কত অব্যক্ত কথা
মোহনায় জমে উঠা পলির মতো
মনের গহীনে
তাকিয়ে থাকার নেই অবকাশ
নির্নিমেষ প্রহর গোনা শুধু শুধু !
ঝড়ো রজনী শেষে
রঙিন প্রভাতে
রোদের ছোঁয়ার মতো
জীবনের অলিগলিতে
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে
দুঃখ শোকের ঝরা পাতা
দূর্বাদলে জমে থাকা শিশির
ফুটে উঠে দুই ভুরুতে।
নীরব নদীর কুলুকুলু ভাষা
নদী জানে
আর জানে আবেগিক মন
কখনও তা রূপ নেয় কবিতায়
কখনও কত অনিকেত ভাবনায়
জীবনই ফের
জীবনকে ভালোবাসতে শেখায়।
জীবন যে একটাই
লাটাইয়ে আটকে পড়া
অথবা জেলের হাতের রশিতে
গোটালেই সব শেষ-
দুঃখের চাদর উড়ে
গোটাতে ব্যস্ত আমি সুখের বীজগুলো
ভাবছি-
নামতা শিখতে মনোযোগ দেবো এবার !
২০-০৯-২০২২।
Comments
Post a Comment