শুধু মনে রেখো.........

শুধু মনে রেখো....... 
~~~~~~~~~~~~~~
যখনই লেখা হবে প্রেমের কবিতা-  
হবে কি লেখা সেখানে 
ক্ষুধার জ্বালায় কাতর 
প্রান্তিক সেই শিশুদের কথা ? 
বিবশ মা-বাবা যাদের 
চেয়ে চেয়ে দেখেছে শুধু 
ঝরে যেতে এক একটি শুষ্ক পাতা !

গীত হবে যেখানে যখন
মিলনের গান-  
ঠাঁই পাবে- 
শত পীড়া ব্যথা বেদনাবিধুরের কথা ?  
ঠাঁই পাবে সেথা সেই দরিদ্র হতভাগার 
মৃত পত্নীর লাশ নিয়ে কাঁধে 
চলেছিল যে মাইলের পর মাইল !

চর্চা যখন হবে 
বিলাসী ঐশ্বর্য 
বিত্ত বৈভবের গাঁথা  
আর্থিক প্রগতি সমুন্নতির হবে প্রসারণ- 
মনে পড়বে সেই কৃষকের কথা- 
ধার নিয়েছিল কিছু টাকা বলে 
করতে হয়েছে যাকে আত্মহনন ? 

মজবুর মজদুর যারা 
হবে তাদের প্রতি ধ্যান- 
ভদ্রজনের ভদ্র পরিবেশ  
তৈরি করে দিয়েছে যারা 
লাগিয়ে দিয়েছে দেয়ালে স্বচ্ছ আয়না 
ভেসে কি উঠবে সেই গ্লাসে 
শ্রমিকের বিবশ চাউনি ? 

অবকাশ পেলে হে রাজন- 
মনে করো ওই নিষ্পাপ
নিরস্ত্র শোষিতের কথা; 
যাদের রক্তের লালিমা
লেগে আছে তব সিংহাসনে 
যুগ যুগান্ত ধরে 
যাদের লাশ পুঁতে দেয়া হয়েছে 
তব সিংহাসন-তলায় ! 
            © ইকবাল॥ 
          ২২-০৬-২০২৩।

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।