মনে পড়ে ..... !
মনে পড়ে ........ !
-আ, ফ, ম, ইকবাল॥
অনেক বৃষ্টিতে ভিজে
বাড়ি ফিরেছিলাম সেদিন
সেই শৈশব আষাঢ়ের দিন
জানিনা কাঁপুনিটা ঠাণ্ডার ছিল-
না ভয়ের !
থরথর থরথর !
দরজায় উঁকি দিতেই
দেখে ফেললেন মা
ছুড়ে ফেলে হাতের উপন্যাস খানা
টেনে হিঁচড়ে পুকুরপাড়
দুইই হলো- থাপ্পড় গা-ঘসা !
শাড়ি দিয়ে মুছতে মুছতে মাথা
সে কি গোঙানি !
বুলি মনে নেই-
গালি ছিল
অথবা অনাগত শঙ্কার আশঙ্কা
আজ মনে হয়-
সে ছিল অদ্ভুত আবৃত্তির সুর !
অবশেষে বাঁধ ভাঙা গোঙানি-
আর যদি গেছিস অঝোর বৃষ্টি মাঝে
আমার মাথা ............ !
বাইরের বর্ষণের ফোঁটাগুলো
কেমন ছিল ঠাণ্ডা শীতল
মায়ের অশ্রুর ফোঁটা
এমন উষ্ণ হয় কেমন করে-
পারিনি আজও ভেদ করতে সে রহস্য !
কত রোগ ব্যথা আসে যায়
কোথাও ঝরে না আজ
এক ফোঁটা অশ্রু
আছে ভালবাসা
অগাধ প্রেম আছে
আছে বাৎসল্য প্রণয়
সবকিছু মিলে
মায়ের সেই এক ফোঁটা অশ্রুর
সমতুল কিছু আর নয় !
যেখানে রয়েছো মা-
ভালো থেকো
সুখে থেকো
এই নিবেদন শুধু
দরবারে রাহিম মাওলার
যেমন করেছিলেন
যত্ন মাই-বাপ শৈশবে মোদের
ততোধিক রহম করো মাওলা
বরযখে ওদের !
২৬-০৬-২০২২।
Comments
Post a Comment