আকুতি
* আকুতি *
-ইকবাল !
চরম বেদনার সাথে
প্রতিটি দিবস রাতে
শুনি দিচ্ছেন পাড়ি সুজন সুহৃদ কত না-ফেরার সেই দেশে,
বন্দি বসে আছি ঘরে
বেদনার বাঁশি বাজে অন্তরে
হয়না সুযোগ জানাযা দাফনে শামিল হবার সহযাত্রী বেশে !
উতলা হৃদয় খাচ্ছে কুরে কুরে
না জানি হুকুম আর কত দূরে
আচম্বিতে হবে কখন আযরাইলের সাথে আমার ও সাক্ষাৎ !
স্বপ্নের সাগরে কাটছি সাঁতার
পারের কড়ি কিছু হয়নি তৈয়ার
উতলা চিত্ত কি লয়ে দেবো পাড়ি সুদীর্ঘ পথে অকস্মাৎ ?
পাপের বহর রেখেছি করে পূর্ণ
হয়নি আজও দম্ভের দর্পচূর্ণ
কর্মে আচরণে রেখেছি নারাজ করে খালিক মাখলুকে প্রচণ্ড,
হুঁশ নেই আজও তাওবার তরে
চাইনি ক্ষমা কারো হাত ধরে
এমন অপদার্থ স্বার্থপর সেজে আছি কেমন ভণ্ড !
হয়তো সময় আর খুব বেঁচে নাই
জ্ঞাতে অজ্ঞাতে দেওয়া বেদনার তরে তাই
সকলের কাছে করি আজ অন্তর হতে ক্ষমা প্রার্থনা,
মাওলার দরবারে
কলুষ ভরা অন্তরে
করি তাওবাহ ইস্তেগফার, চাই সকল পাপের মার্জনা !
এলার্ম যখন উঠবে বেজে
ল্যাংড়া চাইবে মদদগার সেজে
লুটে নিতে পথের সর্বস্ব সম্বল যৎকিঞ্চিৎ যদি কিছু রয় ,
সেই সে কঠিন সঙ্কটকালে
সান্নিধ্য যেন জুটে মোর ভালে
রাহমানের করুনা অপার- নাবীজির পাকহস্থ ছাতির উপরে যেন হয় !
আখেরি কালাম যেন শাহাদাত কালমা
অন্তরে জবানে মোর হয় জমা
লোভ ক্রোধ কাম মোহ ছেড়ে যেন যেতে পারি গায়ে চড়ার আগে শুভ্র বসন,
দীর্ঘ বরযখ জীবনে
আল্লাহর রাহমাত বিহনে
সাধ্য কার দেয় পাড়ি সাগর সে যে গভীর গহন !
যেদিন যখন শুনবে সংবাদ ভাই
ছিল এক ইকবাল আজ আর নাই
পড়ে সুরাহ ইয়াসিন দিও খানিক মাগফিরাত নাজাতের দোয়া,
জানিনা কার কোন কালামের বল
হয় যাব অধমের ক্ববরের সম্বল
কে জানে কার নিবেদন পেয়ে যাবে মাওলার রহমের ছোঁয়া !
কখনো যদি হয় ভাই সুযোগ কভু
দুই মিনিটের তরে হলেও তবু
দাড়িয়ো অধমের ক্ববরের পাশে তুলে দুইখানা হাত ,
সারা ক্ববরবাসীর তরে
পড়বে যখন অশ্রু ঝরে
অধম এ বান্দাহর তরেও করো মাগফেরাতের মোনাজাত !
Comments
Post a Comment