নব্য রেনেসাঁ

     *  নব্য রেনেসাঁ  * 
                    আ,ফ,ম,  ইকবাল॥

টুটে যাবে একদিন এই নীরবতা  
ভেঙে যাবে নিশ্চিত এই নিস্তব্ধতা  
পিঠ তারও লেগে যাবে দেয়ালে  
মানুষেরে মানুষ থেকে  
বিদূরিত করেছিল যে। 

ভেঙে যাবে একদা তাদের ধৈর্যের বাঁধ  
বরাদ্দ যাদের তরে  
পাঁচ কিলো আনাজ মাসোহারা  
আর এক কেজি চানা,  
যার তরে পাততে হয় হাত- 
মহানদের দরবারে !

টুটে যাবে নিশ্চিত মন্ত্রমুগ্ধ সে সম্মোহন  
শ্রবণ শক্তি দিয়ে দেবে জবাব  
শুনতে শুনতে-  
কত কোটির তরে কত হাজার কোটি  
হয়ে চলেছে বরাদ্দ নিত্য, প্রতিনিয়ত। 

ঘুরে ফিরে এসে ঘরে দেখবে তারা  
পড়ে আছে ঘরের কোণে  
জং-ধরা সেই কুদাল খুরপি  
তুলে নেবে ফের কাঁধে  
হুংকার তুলে  
নেমে পড়বে আপন অঙ্গনে। 

টনক নড়বে তখন-  
নড়েছিল বানিয়া ইংরেজের যেমন  
গদির গরিমায় উন্মত্ত যারা  
পাবে অবশেষে তাদের পরিচয়  
কারখানা চিমনিতে যখন  
উড়বে না আর ধোঁয়া  
মানুষ হিসেবে  
পাবে তারা ফের মানবিক ছোঁয়া। 
                        ১৯-০৮-২০২০

Comments

Popular posts from this blog

দ্বিপদী

কিছু কথা, কিছু উপলব্ধি ।