অথ চোরগ্রাম উবাচ
অথ চোরগ্রাম উবাচ !
ভরতপুরের রাজার গ্রাম গ্রামের কথা। এক সময় এই গ্রামে চোরদের প্রবল তাণ্ডব শুরু হইয়াছিল। গ্রামের এমন কোনো ঘর আর বাকি রহিল না যাহা এক বা একাধিকবার চৌর্যকর্মের উৎপাতের শিকার হয় নাই! চুরেদের প্রবল উৎপাত এবং জ্বালাতনের পরও গাঁয়ের কোনো লোক স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হইতে চাহিত না এইজন্য যে তাহারা ভালো করিয়া অবগত ছিল এইসব চোরদের গুরু কে ? সুতরাং ...... !
কিন্তু একটা সময় উপস্থিত হইল যখন গ্রামবাসীদের উপর বারংবার চোরদের নিগ্রহ চরমভাবে বাড়িয়া গেল, তখন গ্রামবাসীরা সমবেতভাবে অভিযোগ দায়ের করিবার জন্য স্থানীয় থানায় হাজির হইল।
গুরুগম্ভীর থানাদার বাবু এবম্বিদ সুশৃংখল সমাবেশ পাইয়া নিজের সমুহ পাণ্ডিত্য উজাড় করিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষন সেইদিন প্রদান করিয়া ছিলেন। উপস্থিত জনতাকে আশ্বস্ত করিলেন যে আগামী একশো দিনের মধ্যে জনতার যাবতীয় চুরি যাওয়া সামগ্রী 'ওয়াপস' করিয়া দিবেন।
থানাদার মহাশয়ের এমন আশ্বাস বাণী শুনিয়া সকলেই কৃতজ্ঞতা ব্যক্ত করিলেন এবং লাইন ধরিয়া নিজ নিজ চুরি যাওয়া সামগ্রির ফর্দ থানায় লেখাইয়া পরম পরিতৃপ্তির সহিত নিজেদের ঘরে প্রত্যাবর্তন করিলেন।
হ্যাঁ, থানাদার বাবু সত্যি সত্যিই তাঁহার কর্মযজ্ঞে ঝাঁপাইয়া পড়িলেন! একশো দিন পূর্ণ হইবার অনেক আগেই গ্রামের মানুষের ঘরে ঘরে নোটিশ আসিতে শুরু করিল।
'' ...... থানায় ..... তারিখে আপনার দায়ের করা এফআইআর অনুসারে আপনার ঘর থেকে এযাবৎ চুরি যাওয়া সামগ্রির তালিকা সঙ্গে দেওয়া হলো। এই মুহুর্তে আপনাকে জানানো যাচ্ছে যে প্রসাশন আপনাদের খোয়া যাওয়া সামগ্রী সমুহ যথাসময়ে প্রত্যাবর্তনের জন্য অঙ্গীকারবদ্ধ। কিন্তু আগামী পনেরো দিনের মধ্যে আপনাকে এইসব সামগ্রির বিশদ বিবরণ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জমা দেবার নির্দেশনা দেয়া হচ্ছে।
১। খোয়া যাওয়া সামগ্রী যোগাড় করার আয়ের স্রোত কি ছিল?
২। এসব সামগ্রী অফলাইন না অনলাইনে খরিদ করেছিলেন?
৩। খরিদ্দারির সময়ের যথোপযুক্ত রসিদ/ভাউচার যোগাড় করেছিলেন?
৪। খরিদ্দারির সময় সি/এস জিএসটি যথাযথভাবে আদায় করেছিলেন?
৫। আপনার সংগ্রহ করা সামগ্রির সাথে আপনার আয়ের যথোপযুক্ত যোগসূত্রের প্রমাণপত্র কি রয়েছে?
৬। আপনি কি সময়মতো ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়ে যাচ্ছেন ?
............
............
.............
১৫। যথাসময়ে উপরোক্ত তথ্যসমূহ যদি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জমা না দিতে পারেন, তাহলে কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে আয়ের অধিক ব্যয় সংক্রান্ত মামলা দায়ের করে দেশের প্রচলিত দণ্ডবিধির আওতায় আপনাকে দণ্ডিত করার প্রক্রিয়া প্রারম্ভ করবে না?''
ইহার পর হইতে রাজার গ্রামে আর কোনো চুরি রাহাজানি লুটপাট জাতীয় তস্কর সংস্কৃতির সংবাদ পাওয়া যায় নাই !!
Comments
Post a Comment