আবহাওয়ার পূর্বাভাস।
আবহাওয়ার পূর্বাভাস।
আ, ফ, ম, ইকবাল॥
অতীত ঘেটে কেউ চায়না
বুকের পুরনো ক্ষত দগদগে করে তুলতে। আঘাত গুলো তাই এখন
বড় সহজ মনে হয়।
যে আমায় রেখে চলে গেছে
অনিশ্চয়তার পাথারে-
মঙ্গল হোক তার।
তবু কখনো খুঁজি তারে
কোন মেঘলা দিনের ভরদুপুরে!
জানি- সে যে আমার দুর্বলতা!
যদিও দ্বার রুদ্ধ করে
নির্বাপিত করে দিতে উদ্যত সেই স্মৃতি;
তবুও একফালি অবাধ্য জোছনা
ঢুকে পড়ে বুকের পাঁজরে !
ছেড়ে আসা পথে
ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কত দহন
সকল অতীত সোনামাখা নয়
কিছু কিছু বড্ড বিবর্ণ হয়;
শ্যাওলা পড়া শানবাঁধানো ঘাটে
পা পিছলে যাওয়া,
রাতের নামাজ শেষে
মাসজিদ থেকে বেরিয়ে
কবরস্থানে হারিয়ে যাওয়া,
সাঁকোর হাতল পিছলে
ঝপাং করে মুগরাছড়ায় ........!
অথবা খেয়ালি আমেজে
বৃষ্টিধারায় ভিজে
জ্বর সর্দি-কাশি ডেকে আনা !
তবু বিশ্বাস করি-
সকল গল্প ব্যর্থতার হয়না
অচেনা পথও কখনও
বুনে দেয় সফলতার গল্প;
নশ্বর বাতাস থামিয়ে দেয় কত কোলাহল! জানিনা- হয়তো জীবনটাই এক মায়াজাল
যেন কেউ কারো নয় !
কেন তবে সবারে
এতো আপন মনে হয় ?
পারিনা তাই
নিজের একাকীত্ব লুকিয়ে রাখতে।
বসে আছি আরেকটি ভোরের প্রত্যাশায়
নব অরুণোদয়ের সাথে সাথে
দুঃখরা সব দূর হয়ে যাবে
প্রজাপতি হয়ে উড়ে আসবে সকল সুখ
আমি রাজা হয়ে বলবো-
খুবই ব্যস্ত আছি, সময় নেই !
থাকতে চাই একা, থাকতে দাও একা!
তারপর-
সন্ধ্যা যখন নামবে অবশেষে,
ফুটবেনা আর কোনো আলো
নিস্তব্ধ সকল কোলাহল
হাসনাহেনা ছড়িয়ে দেবে খানিক সৌরভ
চাঁদের আলোয় বাজবে
দিবা-শেষের সাইরেন !
বন-বাদাড়ে জ্বলবে গুটিকয়েক জোনাকি
নিঃশেষিত সকল অনুভূতি
কাঙ্ক্ষিত জীবনের রঙহীন পরম পরিণতি !!
২৪-০৩-২০২২।
Comments
Post a Comment