* আত্মাভিমান * -আ,ফ,ম, ইকবাল । আমার গর্ব আমার প্রেম আমার অহংকার আমার শান, আমার জন্ম আমার মাতৃ-পিতৃ ভূমি আমার শৌর্য হিন্দুস্তান ! আমার প্রথম চেতনা প্রথম প্রেরণা প্রথম চরণ চারণভূমি, লভেছি যার প্রথম আলো হাওয়া প্রথম দৃষ্টি- সে আমার এই পূত ভূমি ॥ এই মাটিতে আমার প্রথম আর শেষ শিক্ষা মাটি মানুষের ভালোবাসা, যে ভূমির 'পরে আমার আজন্ম যত চাওয়া পাওয়া কাঁদা হাসা ! মসজিদ মিনারে যখন বাজে দিবসের প্রথম সানাইয়ের সুর, বেরিয়ে প্রত্যুষে পথে পুণ্য ভূমির নির্মল হাওয়ায় হয় প্রাণ ভরপুর ! এ দেশের ধুলো মাটি জানি লেগে আছে মোর দেহ মন প্রাণে, ফলে ও ফসলে এ দেশের জলে তাই মোরে রেখেছে বেঁধে প্রাণের টানে ! যে দেশের মৃত্তিকায় মিশে আছে মোর হাজার পুরুষের দেহাবশেষ, আছি সেই প্রত্যয় লয়ে এই সুচিতায় একদিন আমারও হবে নিঃশেষ ! ...