দেশের চিত্রাঙ্কন। কবিতা
* দেশের চিত্রাঙ্কন । *
-আ,ফ,ম, ইকবাল॥
আমার এ দেশ
পরা ছিল যখন প্রকৃতির বেশ
বনে জঙ্গলে ঘেরা ছিল চারপাশ,
সবার চিত্তের রণরণি
চিত্রায়িত সবুজ বনানী
তুলে ধরছিল বছরব্যাপী বারোমাস।
ছিল যে তখন এ দেশ
তোমার আমার সবার স্বদেশ
নয় কারো ব্যক্তিগত 'স্থান'
হয়েছি আমরা আজ সমুন্নত
বানিয়া বিদেশি হয়েছে পরাভূত
সমন্বিত মৈত্রীর বন্ধন মোদের হয়েছে ম্লান!
গাছে গাছে ডালে ডালে
পক্ষীকূল দলে দলে
নিশ্চিন্তে বাঁধতো আপনার নীড়,
আপন সাম্রাজ্য মাঝে
পশুসম্পদ আপন সাজে
আপন ক্ষেত্রে থাকতো করে ভীড় !
যখন তখন বাদলের ছাই
যত্রতত্র নিতো এসে ঠাঁই
জমতো অভিভূত আলাপন ধরণীর সাথে,
ঝিরিঝিরি কোমল হাওয়া
গজলের সুরে করতো ধাওয়া
সকাল সন্ধ্যা দুপুর প্রভাত অথবা গভীর রাতে।
হেসে খেলে কাটতো দিন
মেজাজ জনতার ছিল ফুরফুরে রঙিন
প্রেম ভালোবাসার ছিল সর্বত্র ছড়াছড়ি,
সুখ পরিতৃপ্তি তাই
ছিল অঢেল অনাবিল ভাই
মানুষের দ্বারে মানুষের তরে আনন্দ করতো গড়াগড়ি !
রোদ বৃষ্টিতে ধুয়ে নরকায়া
বিকিরণ করতো নৈসর্গিক মায়া
শ্রমের মর্যাদা জনতার কাছে ছিল অপরিসীম,
ছিলনা আধুনিকতার করাল গ্রাস
ছিলনা সমাজে সংকীর্ণ ভীতি ত্রাস
মননের ছিল অগাধ বন্ধন চলতো সবাই বেঁধে টিম ।
সময় পাল্টাচ্ছে আজ
পাল্টাচ্ছে বিকাশের রাজ
জঙ্গল করে সাফ দৌড়োচ্ছে সভ্যতার ঘোড়া,
উড়ে গেছে দূরে পাখি
কাঁদছে বৃক্ষ যে ক'টা আছে বাকি
আকাশ ধরণীর চলছে পরস্পরে হাতিয়ার ছোড়া!
রোবট বানাচ্ছে মানুষ
মানুষ কেমন হচ্ছে ফানুস
সভ্যতার জেরে বিলীন হচ্ছে মানবতা,
কোথায় আজ সেই শিক্ষা
বলি মোরা নিতে যাদের দীক্ষা
মুখে নয়, বুকে তুলে নিই মহামানবদের নীতিকথা।
০৩-০৪-২০২১
Comments
Post a Comment