শেষ হয় যুদ্ধবিরাম, যুদ্ধ কখনও নয় !

শেষ হয় যুদ্ধবিরাম, যুদ্ধ কখনও নয় !   
                         আ, ফ, ম, ইকবাল॥ 

এটাই সত্য, এটাই বাস্তবতা 
শেষ হয় যুদ্ধবিরাম, 
যুদ্ধ কখনও নয়। 
যুদ্ধ লেগেই আছে  
থাকবেও  
থাকা চাই- কেন ? 
যুদ্ধবিগ্রহ লেগে থাকা চাই 
যে যুদ্ধে মরবে মানুষ হাজারে হাজার 
মরবে লাখ লাখ 
তারপরও লিখা হবেনা কোনো এফআইআর 
জুড়তে হবেনা কারো সামনে হাত 
খুশ করতে হবেনা পুলিশের কোনো বাবুকে- 
চুকে যাবে সব হত্যার নিমেষে দায়ভার ! 

পড়বে মিসাইল একেরপর এক 
বসতবাড়ির ছাদে 
হাসপাতাল স্কুল কলেজে  
ছটফট করে মরবে মানুষ  
নেই কারও দায়ভার 
নেই তাড়া ওষুধপত্র অক্সিজেন সিলিন্ডারের 
বেচে যাবে এক্সচ্যাকার 
গড়ে তোলা হবে 
নতুন রিয়্যাল এস্টেট 
নতুন পুল সড়ক শানদার ! 

লড়াই চলতে থাক দুড়ুম দাড়ুম  
যতটা আছে সামর্থ্য যার 
আসছেনা যতক্ষণ কেউ যুদ্ধবিরামের 
মোয়া লয়ে দুই হাতে-  
জ্বলুক ততক্ষন বস্তি গ্রাম শহর 
উজাড় হয়ে যাক খামার বন্দর 

তার মাঝে বেঁচে আছে শস্য বিতরণ  
বিলকুল ফ্রিতে  
নির্জীব দেহগুলোর 
তা আবশ্যক হোক বা না- 
হুকুমতের চাই সেই প্রদর্শনী। 

যুদ্ধ চলছে 
যুদ্ধ চলবে 
ধ্বংস হবে ভবন কত 
দ্বিতল ত্রিতল বহুতল 
বিদ্যাঙ্গন বসতি হাসপাতাল-  
তারপর নতুন করে 
কর্মযোগ ঘটবে  
ঠিকাদার দালাল বিল্ডারদের  
বসাতে নতুন শহর 
কারখানা চোখ জুড়ানো মল ! 

মরছে মরুক মানুষ 
কমবে জনসংখ্যা 
কম হবে স্বৈরশাসকের দায়ভার 
রচনা হবে নতুন পরিকল্পনা 
বেঁচে আছে যারা নানাবিধ যাতনার মাঝে 
তাদের দিয়ে সাজানো হবে নতুন লড়াইয়ের 
নবীন রণকৌশল। 

যুদ্ধবিরাম হয় হবে, তা শেষ হবার তরে 
হবেনা যুদ্ধের অবসান কভু  
যুদ্ধ চাই শাসকের স্বাভিমান 
রাখতে সদা উঁচু। 
৩০-০৬-২০২৫। 

Comments

Popular posts from this blog

TO OUR SON (ON HIS GRADUATION).

সমকালীন ভাবনা ।

মিনতি।