Posts

Showing posts from October, 2023

আত্মকথন.....

আত্মকথন........ ক্ষুদ্র সবুজ তৃণখণ্ড মোরা  পদতলে পৃষ্ঠ করে দিতে পার,  কিন্তু মিটিয়ে দিতে পারবে না।   সুদূর সেই অতীতেও  কত ঝড়ের মুখোমুখি হয়েছি   চুপ রয়েছি তখনও   ঝড়কে কখনও ভয় পাইনি !  আমাদের নীরব স্পর্ধায়  থেমে গেছে কত শক্তিধর তুফান !  ধৈর্য রয়েছে আমাদের চিরসঙ্গী সহনশীলতা আমাদের বিচারধারা  সকল অত্যাচারের মোকাবেলা  অবশ্যই করব-   নিজেদের আত্মিক শক্তির   অপচয় ঘটতে দেই না কভু !                     -আ, ফ, ম, ইকবাল॥                       ১৫-১০-২০২৩।

আমার নিবেদন......

আমার নিবেদন.......                   আ, ফ, ম,  ইকবাল॥             উন্মত্ত হবার আগে   জগতের সকল রাজনেতা,   ধ্বস্ত দালানের অবশেষে   ভরে যাবার আগে সকল জনপদ,   লাশে লাশে বন্ধ হয়ে উঠার আগে সকল রাজপথ,   বারুদের ধোঁয়ায় বন্ধ হবার আগে সকল বিদ্যানিকেতন-   জগতের সকল শিশুদের বলি-  একহাতে তুলে নাও পুস্তক   খেলনা ছেড়ে অপরহাতে বন্দুক !   বেকার হয়ে পড়েছে   সকল ভাষার মোলায়েম শব্দাবলি  আস্তাকুড়ে সঞ্চিত হচ্ছে প্রগতির সকল মুখোশ !   ফিলিস্তিন আর ইসরাইলের    সকল শিশুদের সবিনয়ে বলি-   আমি তোমাদের তরে    লিখে রেখে যেতে চাই    একটি প্রেমের কবিতা সংকলন;   আমি যে কেবল  এক অতি সাধারণ কবি    এছাড়া কিছুই যে করার নেই আমার !               ১৫-১০-২০২৩।