দাবানলের এ কি রূপ ......
দাবানলের এ কি রূপ.....
পাশের কামরায় জ্বলছে আগুন পারবে তুমি শুয়ে থাকতে অন্য ঘরে ?
শবগুলো গলছে ধীরে ধীরে
তোমারই এক বদ্ধ কামরায়
পারবে তুমি
করতে জপতপ অন্য ঘরে ?
হ্যাঁ, যদি পারো-
বলার নেই ভাই
তোমাকে আমার কিছু আর !
দেশটাতো নয় মোদের
কাগজের তৈরি নক্সা কেবল
যাক না ফেটে
এক টুকড়ো তার
অবশেষটুকু
রইবে নক্সাই হয়ে !
বইছে দেশের নদনদী
দাঁড়িয়ে আছে পর্বত শহর গ্রাম
তা দেখে যদি তুমি
গাইতে পার গুণগুণ গান
পড়ে আছো আপন নির্বিঘ্ন কূলায়-
জিজ্ঞেস করে দেখ আপনারে
তারপরও তোমার আছে অধিকার
মনুষ্যত্ব দাবি করার ?
জগতের বুকে
মানুষের প্রাণের চেয়ে
নেই দামি কোনকিছু আর
না ঈশ্বর
না ভগবান আল্লাহ
না কোনো নির্বাচন ক্ষেত্র !
কাগজের লেখনী
হোক সে প্রার্থনা
অথবা শ্লোক কি সংবিধান;
কাগজের টুকরো হোক
অথবা গ্রন্থ অমর
ছিঁড়ে ফেড়ে পুঁতে দেয়া যায়
মাটির গহন তলায়।
কিন্তু মানুষের যে বিবেক
মানুষকে করেছে মানুষ
তাও যদি হারিয়ে যায়
লাশের আড়ালে
জ্বলেপুড়ে হয়ে যায় ছাই
তার যে আর বিকল্প কিছু নাই !
শাসন যখন অন্ধ হয়
শাসক মুকবধির
বন্দুকের নল দিয়ে চলে
হন্তারকের কর্মধারা;
দেখেও যদি না দেখ তুমি
খানিক কর প্রতীক্ষা শুধু
সেই দাবানলে সত্ত্বর
তোমাকেও করে দেবে ছারখার !
© ইকবাল॥
২০-০৭-২০২৩।
Comments
Post a Comment